সাংবাদিকতায় ভয়ের সংস্কৃতি এখনও বহাল - দিগন্ত জার্নাল

সাংবাদিকতায় ভয়ের সংস্কৃতি এখনও বহাল

দিগন্ত জার্নাল ডেস্ক:
সাংবাদিকতায় ভয়ের সংস্কৃতি ও সেলফ সেন্সরশিপের বাস্তবতা এখনও বিদ্যমান রয়েছে বলে মনে করেন রাজশাহীর সাংবাদিকরা। সোমবার (১৩ জানুয়ারি) নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা: সংস্কার ও সম্ভাবনায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তারা এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান ‘দৃক’।

সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা থেকে জানান, দেশে দীর্ঘদিন সত্যিকার অর্থে স্বাধীন সাংবাদিকতার চর্চা নেই। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা বিভিন্ন পক্ষের হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন। এমনকি টার্গেটেড আক্রমণ এড়াতে অনেক সময় তাদের পরিচয় গোপন রাখতে বা সুরক্ষার সরঞ্জাম খুলে কাজ করতে হয়েছে।

অনেকে অভিযোগ করেন, সরকারের সমালোচনা বা ক্ষমতাকে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। ৫ আগস্ট দেশব্যাপী বিভিন্ন স্থাপনা ধ্বংসসহ অপরাধমূলক কার্যক্রম নিয়ে অধিকাংশ গণমাধ্যম নিরব থেকেছে।

গণমাধ্যমের সংকট ও সংস্কারের প্রয়োজনীয়তা
সাংবাদিকরা বলেন, বর্তমানে সংবাদমাধ্যমগুলো অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। রাষ্ট্র ও সরকারের গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত না হলে সংবাদমাধ্যমে কোনো অর্থবহ সংস্কার সম্ভব নয়। ঢালাওভাবে সাংবাদিকদের চাকরিচ্যুতি এবং মামলা দায়েরের মতো ঘটনার কারণে গণমাধ্যমগুলো নিরপেক্ষ সংবাদ প্রকাশ করতে পারছে না।

সভায় বক্তারা সাংবাদিকতার স্বাধীনতা ও ন্যায্য পরিবেশ প্রতিষ্ঠার জন্য গণমাধ্যম, সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

an adbox will go here