জাতীয় নির্বাচনের দ্রুত প্রস্তুতির আহ্বান বিএনপির
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন এ বছরের মাঝামাঝি আয়োজন করা উচিত। তিনি জানান, ভোটার তালিকা এক মাসের মধ্যে প্রস্তুত করা সম্ভব।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজন নেই। এটি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করবে।”
তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট ও ট্যাক্স বৃদ্ধি এবং গ্যাসের দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করে বলেন, “এসব পদক্ষেপ জনগণের দুর্ভোগ আরও বাড়াবে।”
বিএনপি দ্রুত জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।