সংস্কার প্রতিবেদন থেকে নতুন চার্টার, তার ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জমাকৃত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতে একটি নতুন জাতীয় চার্টার তৈরি হবে, যা হবে নতুন বাংলাদেশের রূপরেখা। এর ভিত্তিতেই নির্বাচনসহ দেশের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হবে।
বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার কমিশন—নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ এবং সংবিধান সংস্কার কমিশন—তাদের প্রতিবেদন জমা দেয়। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনগুলোকে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বলে আখ্যা দেন এবং বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ।”
তিনি বলেন, “এই চার্টার জাতীয় ঐক্যের প্রতীক হবে। এর ভিত্তিতে নির্বাচনসহ সবকিছু হবে। তবে এই চার্টার থেকে সরার কোনো সুযোগ নেই। এটি দলীয় নয়, বরং জাতীয় প্রতিশ্রুতির দলিল, যা সব রাজনৈতিক দলের সম্মতিতে কার্যকর হবে।”
ড. ইউনূস আরও বলেন, “নতুন বাংলাদেশের কাঠামো তৈরিতে কমিশনের সদস্যরা যে স্বপ্ন দেখেছেন, তা জনগণের সঙ্গে মিলে একাকার হবে। এই চার্টার শুধু একটি অধ্যায়ের শুরু, যা দেশের ভবিষ্যৎ গঠনের পথচিত্র হয়ে থাকবে।”
তিনি জানান, কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় আলোচনার আয়োজন করা হবে। এতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সাধারণ জনগণের মতামত নিয়ে চার্টার চূড়ান্ত করা হবে।
প্রতিবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। সংশ্লিষ্ট কমিশনের সদস্যরাও এই অনুষ্ঠানে অংশ নেন।
এই চার্টারকে কেন্দ্র করে দেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।