সংবিধান সংস্কারে বড় পরিবর্তন: তিন মূলনীতি বাদ, নতুন চার নীতি যুক্ত
দিগন্ত জার্নাল ডেস্ক:
সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করেছে এবং গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও চারটি মূলনীতি যুক্ত করার প্রস্তাব দিয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর প্রণীত সংবিধানে যে চারটি মূলনীতি ছিল— জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এর মধ্যে শুধু গণতন্ত্রকে রেখে বাকি তিনটি— ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
নতুন যে চারটি মূলনীতি যুক্ত করার সুপারিশ করা হয়েছে, সেগুলো হলো: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। কমিশন জানিয়েছে, এই সুপারিশ ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের মহান আদর্শ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ।
এ ছাড়া, সংবিধান সংস্কার কমিশন গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের সুপারিশ করেছে এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব দিয়েছে। কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ প্রতিবেদন জমা দেওয়ার সময় এসব সুপারিশ তুলে ধরেন।
এখন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং ঐকমত্যে পৌঁছানোর পর প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে।