জুলাই প্রোক্লেমেশনের তারিখ ঘোষণা না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি
দিগন্ত জার্নাল ডেস্ক:
জুলাই প্রোক্লেমেশনের তারিখ ঘোষণা করতে কালক্ষেপণ হলে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক আলোচনার পর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের স্বীকৃতি ও ঐতিহাসিক ভিত্তি তৈরির জন্য প্রোক্লেমেশন জারি অপরিহার্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই দাবিতে কাজ করছে। তবে সরকার এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।
সরকারের মন্থর গতি এবং অনীহার তীব্র সমালোচনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১৫ দিনে সরকার প্রোক্লেমেশন ইস্যুতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, এই প্রোক্লেমেশন তাদের বৈধতার জন্যও গুরুত্বপূর্ণ।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সরকারকে অবিলম্বে প্রোক্লেমেশন জারির তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, “জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও ভবিষ্যত দিকনির্দেশনা প্রোক্লেমেশনে থাকতে হবে। এটি ভবিষ্যতের সাংবিধানিক ও আইনি ব্যবস্থা গঠনে ভিত্তি হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকের পরই প্রোক্লেমেশন জারির তারিখ ঘোষণা করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, “তারিখ ঘোষণা করতে আরও বিলম্ব হলে, আমরা সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।”
এছাড়া, বিজ্ঞপ্তিতে দেশের রাজনৈতিক দলগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।