আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ: পুনর্গঠন ও রাজনৈতিক পুনরুত্থান
দিগন্ত জার্নাল ডেস্ক:
আওয়ামী লীগ বর্তমানে চরম সংকটের মুখোমুখি। ৫ আগস্টের অভ্যুত্থানের পর দলটি সাংগঠনিকভাবে ভেঙে পড়েছে। সভানেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই আত্মগোপনে। এমন পরিস্থিতিতে দলটি পুনর্গঠন, জনসমর্থন পুনরুদ্ধার এবং রাজনৈতিক অঙ্গনে টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
দলটির সাংগঠনিক দুর্বলতা ও ভঙ্গুর কাঠামো পুনর্গঠনের পাশাপাশি প্রশাসনিক বাধা, গ্রেফতার, এবং মামলার আতঙ্ক নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে। একই সঙ্গে, জুলাই গণহত্যার অভিযোগে আইনি ঝুঁকিও তৈরি হয়েছে, যা দলটির জন্য নিষিদ্ধ হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।
রাজনীতি বিশ্লেষক অধ্যাপক জোবাইদা নাসরীন মনে করেন, আওয়ামী লীগের প্রধান চ্যালেঞ্জ হলো জনগণের মুখোমুখি হওয়া। কী বার্তা নিয়ে তারা জনগণের সামনে দাঁড়াবে এবং জনগণ সেই বার্তাকে কীভাবে গ্রহণ করবে, সেটাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গণঅভ্যুত্থানের ফলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে দলটিকে।
আওয়ামী লীগ দাবি করছে, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে জনরোষ বাড়ছে, যা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের পক্ষে যাবে। তারা বিভিন্ন ইস্যুতে মাঠে নামার পরিকল্পনা করছে এবং জনসমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বাস্তবতায় এই সমীকরণ সহজে মিলবে না।
আদালতের রায়, সাংগঠনিক পুনর্গঠন, এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের জন্য প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।