খেলাফত মজলিসের নেতাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার দাবি
দিগন্ত জার্নাল ডেস্ক:
খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে কুরআন-সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসতে হবে। একই সাথে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সংবিধানের ‘বহুত্ববাদ’ শব্দটি বাদ দিয়ে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। খেলাফত মজলিসের নেতারা আরও বলেন, দেশের ইতিহাসে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্য এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাওলানা আবদুল বাছিত আজাদ বলেন, “ফ্যাসিবাদ ও সব দোসরদের বিচার করা, দেশকে বড় করে দেখা এবং ঐক্যবদ্ধভাবে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত।” তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ এবং ঐক্যবদ্ধ ঘোষণা এখন দেশের স্বার্থে জরুরি।
ড. আহমদ আবদুল কাদের বলেন, “সংবিধানে বহুত্ববাদ বাদ দিতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত থাকতে হবে।” তিনি আরও বলেন, কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না এবং আগস্ট বিপ্লবের ঘোষণাপত্রে ঐকমত্য থাকতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের অন্যান্য নেতারা, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ ফরিদ সহ আরও অনেক।