চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয়দের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ - দিগন্ত জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয়দের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

দিগন্ত জার্নাল ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় নাগরিকদের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ‘আগ্রাসন বিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিল পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রত্যক্ষ মদদে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, সীমান্তে ফেলানী থেকে শুরু করে জয়ন্ত দাসসহ সব হত্যার বিচার করতে হবে। বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা এবং আগের ফ্যাসিস্ট সরকারের উদাসীনতারও সমালোচনা করেন।

বিক্ষোভে শিক্ষার্থীদের স্লোগান: ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ। বিএসএফ হামলা করে, বিজিবি কী করে? সীমান্তে হামলা হলে, জবাব দিবে বাংলাদেশ।

বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন, ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন, এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ। তারা বলেন, সীমান্তে বিএসএফের মদদে বারবার হত্যা ও হামলার ঘটনা ঘটছে, যা বন্ধে বাংলাদেশ সরকারের শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এর পাশাপাশি, ‘গণঅভ্যুত্থান মঞ্চ’র ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে শুরু হওয়া মিছিলে শিক্ষার্থীরা সীমান্ত হত্যাকাণ্ডের বিচার এবং ভারতের আগ্রাসন বন্ধের জোর দাবি জানান।

বক্তারা স্পষ্টভাবে জানান, সীমান্ত হত্যাকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। সরকারের প্রতি আহ্বান জানানো হয়, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাখ্যা চাওয়া হোক।

শিক্ষার্থীরা তাদের প্রতিবাদের মাধ্যমে সীমান্তে ন্যায়বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

an adbox will go here