বিমানের রোম ফ্লাইটে বোমার ভুয়া হুমকি, তল্লাশিতে কিছু মেলেনি
দিগন্ত জার্নাল ডেস্ক:
পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ভোরে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় জানানো হয়, রোম থেকে ঢাকাগামী বিজি-৫৩৬ ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে।
সংবাদ পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ও ক্যানাইন ইউনিটের সমন্বয়ে তল্লাশি শুরু করা হয়। তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ফ্লাইটটি সকালে ঢাকায় পৌঁছানোর পর যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে তল্লাশি চালানো হয়। দুপুর দেড়টার মধ্যে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, নিরাপত্তা বিধি অনুযায়ী ফ্লাইটটি অবতরণের পরপরই নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, বার্তাদাতা সম্ভবত পাকিস্তানি নম্বর ব্যবহার করেছেন। তবে বাংলাদেশে বসেও কেউ এ নম্বর ব্যবহার করতে পারেন। নিরাপত্তা প্রটোকল অনুযায়ী যাত্রী ও কার্গো স্ক্যান করার পর কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
তল্লাশির কারণে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। সংশ্লিষ্টরা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।