টেলিভিশনে বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণে আইনি নোটিশ - দিগন্ত জার্নাল

টেলিভিশনে বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণে আইনি নোটিশ

দিগন্ত জার্নাল ডেস্ক:
৷ টেলিভিশন চ্যানেলে প্রতি ঘণ্টায় ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন প্রচারের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স সভাপতির কাছে পাঠানো হয়েছে।

আইনি নোটিশে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে প্রতি ঘণ্টায় ৮ থেকে ১০ মিনিট বিজ্ঞাপন প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় টেলিভিশন চ্যানেলগুলোতে ইচ্ছামতো বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। ফলে দর্শকদের অনুষ্ঠান উপভোগে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

নোটিশে জাতীয় সম্প্রচার কমিশন গঠনের প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে বিষয়টি জনস্বার্থে আদালতে উত্থাপন করার কথাও জানানো হয়েছে।

an adbox will go here