প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেফতার ২
দিগন্ত জার্নাল ডেস্ক:
নোয়াখালীর চাটখিলে ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে শোডাউন করার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বানসা বাজারে শোডাউন করতে শুরু করেন। খবরটি আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও বাজারে উপস্থিত হন। তবে পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই আওয়ামী লীগ নেতা, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল রাসেল (৪২) এবং গোলাম কিবরিয়া লিটন (৪৫) আটক করা হয়।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মেহেদী হাসান বাহালুল জানান, আটক দুই নেতা তাঁর সঙ্গে বসে কথোপকথন করছিলেন এবং তাঁরা কোনো শোডাউন বা বিশৃঙ্খলা তৈরি করেননি। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।