ফ্যাসিস্ট হাসিনা ও প্রতিষ্ঠান সংস্কারের দাবি মাহফুজ আলমের
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনার শাসনামলে যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করা হয়েছে, সেগুলোর সংস্কার ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি দাবি করেছেন, এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ছাড়া জনগণ কখনো বৈষম্যমুক্ত হবে না।
শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করে মানুষের অধিকার হরণ করেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনকাল থেকে দেশের মানুষ অত্যাচারিত হয়েছে—শিশুদের গুম, মা-বোনদের ধর্ষণ, মানুষকে হত্যা, এবং হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে।
মাহফুজ আলম বলেন, তার নেতৃত্বে একটি সংস্কার কমিশন শিগগিরই রাজনৈতিক দল ও অংশীদারদের সাথে আলোচনা করে দেশের জন্য গণতান্ত্রিকভাবে পটপরিবর্তনের নির্বাচনের ব্যবস্থা করবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশের ফ্যাসিবাদ ফিরে আসবে, যা ১৯৭৫ সালের বাকশাল প্রতিষ্ঠার স্মৃতি পুনরাবৃত্তি করবে।
এ সময় তিনি হাজীগঞ্জের চার শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিকেলে লক্ষীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বলে জানান।