চার দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক:
চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টার পর তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নিতে তিনি এই সফর করেন। সেখানে তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মোট ৪৭টি অনুষ্ঠানে অংশ নেন।
সফরকালে ড. ইউনূস চারটি সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে, চারটি মন্ত্রী পর্যায়ের বৈঠক, জাতিসংঘ ও শীর্ষ সংস্থার ১০ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এছাড়া, ১০ জন সিইও এবং উচ্চপর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করেন। ডব্লিউইএফ আয়োজিত নয়টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যার মধ্যে চারটি ছিল আনুষ্ঠানিক ডিনার ও মধ্যাহ্নভোজ।
গত ২০ জানুয়ারি রাতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস। সফরকালে দাভোসে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।