জুলাই বিপ্লবের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে আলেম সমাজের মতামত
দিগন্ত জার্নাল ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নের জন্য সাধারণ আলেম সমাজ তাদের লিখিত মতামত প্রকাশ করেছে। এই মতামতে উল্লেখ করা হয়েছে যে, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে একটি সাম্য, মানবিক মর্যদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন এবং ইসলামি মূল্যবোধের প্রতিফলন ঘটানোর প্রয়োজনীয়তা।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ ইউসুফ আহমাদ জানিয়েছেন, এই গণঅভ্যুত্থান শুধু একটি গণআন্দোলন নয়, এটি বাংলাদেশের জনগণের দীর্ঘ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক এবং রাজনৈতিক পুনর্জাগরণ। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া এবং সাংবিধানিক কাঠামোতে এর প্রতিফলন ঘটানোর গুরুত্ব তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আলেম সমাজ জুলাই ঘোষণাপত্রে শহিদ ও আহতদের স্বীকৃতি, নেতৃত্বের স্বীকৃতি, দৃশ্যমান বিচার প্রক্রিয়া, সংবিধান পুনর্লিখন এবং সর্বস্তরের ফ্যাসিবাদী কাঠামো বিলোপের অঙ্গীকার যুক্ত করার মতামত দিয়েছে।
এছাড়া, সাধারণ আলেম সমাজ বাংলাদেশের ইসলামি মূল্যবোধ ও জাতীয় ঐতিহ্যের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে আসছে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে এই সংগঠনের ভূমিকা উল্লেখযোগ্য ছিল, বিশেষত ইসলামি চেতনা ও ধর্মীয় মূল্যবোধকে জনগণের সংগ্রামের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার জন্য গাশত কর্মসূচির মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
সাধারণ আলেম সমাজ মনে করে, এই বিপ্লবের সাফল্য সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতার ওপর নির্ভর করবে। জুলাই ঘোষণাপত্রের লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।