অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ মিলেছে: প্রধান প্রসিকিউটর
দিগন্ত জার্নাল ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ মিলেছে। এ ঘটনায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম জানান, এ পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা।
এদিকে, আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর মামলায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগে দুই সাবেক পুলিশ সদস্য, এসআই আবদুল মালেক এবং কনস্টেবল মুকুল চোকদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এ মামলায় ইতোমধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম এবং চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।