ঢাবি-সাত কলেজ শিক্ষার্থীদের প্রো-ভিসির শান্ত থাকার আহ্বান
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে এক ভিডিওবার্তায় তিনি বলেন, “গতকাল সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা দুঃখজনক। সুষ্ঠু আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি নিরসন করা সম্ভব। আমি সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।”
রোববার বিকেলে ৫ দফা দাবির অগ্রগতি জানতে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রো-ভিসির সঙ্গে দেখা করতে যান। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সন্ধ্যা ৬টায় সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ শুরু করেন। তাদের দাবি, প্রো-ভিসি ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে এগিয়ে গেলে ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় অবস্থান নেয়। এরপর উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সংঘর্ষের জেরে নীলক্ষেত ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে: অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল, ক্লাসরুমের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি বন্ধ, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিশ্চিতকরণ, নেগেটিভ মার্ক যুক্ত করা, এবং ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করা।
এ পরিস্থিতিতে সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। প্রো-ভিসি ড. মামুন আহমেদ আশা প্রকাশ করেন যে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।