এস কে সুরের লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, ডলার ও ইউরো জব্দ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) তিনটি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, বিদেশি মুদ্রা এবং এফডিআর জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার প্রায় ছয় ঘণ্টার অভিযানের পর রাত ৯টার দিকে লকারগুলো খুলতে সক্ষম হয় দুদকের সাত সদস্যের দল। লকারগুলো থেকে উদ্ধার করা হয় ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর এবং ১ হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার। জব্দকৃত এসব মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।
কাজী সায়েমুজ্জামান জানান, সকাল থেকে অভিযান শুরু হয় এবং বিকাল ৩টার দিকে লকার খোলার চেষ্টা করা হয়। সফলভাবে লকার খোলার পর এসব মালামাল উদ্ধার করা হয়।
এর আগে, গত ১৪ জানুয়ারি দুদক রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় মামলা দায়ের করে দুদক।
এই অভিযানের মধ্য দিয়ে এস কে সুরের দুর্নীতি-সংশ্লিষ্ট সম্পদের বিষয়ে নতুন তথ্য প্রকাশ পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।