রানিং স্টাফদের কর্মবিরতি: রেল বন্ধ, বিকল্পে বিআরটিসি বাস
দিগন্ত জার্নাল ডেস্ক:
বেতনের সঙ্গে অবসর ভাতা দেওয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৬ জানুয়ারি) মধ্যরাত থেকে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে গেছেন। এর ফলে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়তে পারেনি।
রানিং স্টাফদের মধ্যে ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকাররা রয়েছেন। তাদের দাবি, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হওয়ায় তারা কর্মবিরতির ঘোষণা দেন এবং রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনে ওঠেননি।
এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তবে রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ রুটে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে।
ঢাকা ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা রেলের টিকিট ব্যবহার করে এই বাসে ভ্রমণ করতে পারবেন। একইভাবে এসব অঞ্চল থেকে ঢাকায় আসার ক্ষেত্রেও বাস সেবা কার্যকর থাকবে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বাস সেবা চালু থাকবে। যাত্রীদের ভোগান্তি লাঘব করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রানিং স্টাফদের এই কর্মবিরতিতে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা যাত্রী পরিবহন ও মালামাল সরবরাহে ব্যাপক প্রভাব ফেলেছে।