রেল ধর্মঘটে বিআরটিসির বাস চলাচল অব্যাহত, যাত্রী পরিবহন সেবা নিশ্চিত - দিগন্ত জার্নাল

রেল ধর্মঘটে বিআরটিসির বাস চলাচল অব্যাহত, যাত্রী পরিবহন সেবা নিশ্চিত

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে বন্ধ থাকা ট্রেনের যাত্রী পরিবহনে বিআরটিসি বাস সেবা আগামীকাল (২৯ জানুয়ারি) বুধবারও চালু থাকবে। মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জানান, রেল ধর্মঘটের ফলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাই ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এবং সেসব গন্তব্য থেকে ঢাকামুখী যাত্রী পরিবহনে বিআরটিসি বাস সেবা অব্যাহত থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে দুঃখ প্রকাশ করেছে।

এর আগে সোমবার রাত ১২টার পর রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে বিআরটিসি বাস সেবা চালু করে রেলপথ মন্ত্রণালয়। সকাল ৭টা পর্যন্ত ৪০টি বিআরটিসি বাস বিভিন্ন গন্তব্যে ট্রেন যাত্রীদের পৌঁছে দেয়।

রানিং স্টাফদের আন্দোলনের কারণ মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা। এই জটিলতা নিরসনে দ্রুত সমাধানের কোনো ঘোষণা না আসায় চালক, গার্ড এবং টিকিট চেকাররা কর্মবিরতি পালন করছেন। তাদের কর্মবিরতির ফলে ট্রেন শিডিউল অনুযায়ী ছাড়তে না পারায় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং তাদের গন্তব্যে পৌঁছানোর সুবিধার্থে বিআরটিসি বাস সার্ভিস একটি বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা চালু থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

an adbox will go here