রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার, ট্রেন চলাচল পুনরায় শুরু - দিগন্ত জার্নাল

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার, ট্রেন চলাচল পুনরায় শুরু

দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার (২৮জানুয়ারি) দিনব্যাপী বাংলাদেশের রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সারা দেশে যাত্রীসেবা বন্ধ থাকার পর, মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনান আবদুল্লাহ এই ঘোষণা ফেসবুকে দেন।

তিনি জানান, “রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রমিক নেতাদের নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যা সমাধান করতে রেল উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। রাত আড়াইটায় সংবাদ সম্মেলন করা হবে।”

এর আগে, আন্দোলনরত রানিং স্টাফ নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার বাসায় এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপির নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসও উপস্থিত ছিলেন।

গত সোমবার দিবাগত রাত ১২টার পর মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়টি সমাধান না হওয়ায় রানিং স্টাফরা কর্মবিরতি শুরু করেন। এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং দেশের বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছাড়েনি।

an adbox will go here