সাঘাটায় বিএনপির কাউন্সিল স্থগিত: তালিকায় আ. লীগ নেতাকর্মীদের নাম - দিগন্ত জার্নাল

সাঘাটায় বিএনপির কাউন্সিল স্থগিত: তালিকায় আ. লীগ নেতাকর্মীদের নাম

দিগন্ত জার্নাল ডেস্ক:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপির কাউন্সিলে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি এবং ভোটার তালিকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্তির অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশনাররাই নিজেদের প্রার্থী হিসেবে মনোনীত করে এবং প্রতিদ্বন্দ্বীদের মনোনয়নপত্র বাতিল করে একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। সাঘাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনোয়ার হোসেন রানা জানান, তার মনোনয়ন যাচাই করেছেন তারই প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান, যিনি সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বেও ছিলেন। আতিকুর তার মনোনয়ন বাতিল করে নিজেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন।

অনেক ইউনিয়নে ভোটার তালিকায় আওয়ামী লীগ ও জামায়াত নেতাকর্মীদের অন্তর্ভুক্তির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। কামালেরপাড়া ইউনিয়নে যুবলীগ নেতাদের নাম তালিকায় রয়েছে, এমনকি ১৩ বছর বয়সী এক কিশোরের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই ব্যক্তির নাম একাধিকবার তালিকায় থাকার অভিযোগও পাওয়া গেছে।

এছাড়া, কামালেরপাড়া ইউনিয়নের সদস্য সচিব হযরত আলী তার পরিবারের ১৪ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে তার স্ত্রী, ভাই, ভাগ্নে ও ভাতিজারা রয়েছেন।

তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নিবেদিত বিএনপি কর্মীদের বাদ দিয়ে নিজেরা পছন্দের লোকদের নির্বাচিত করতে ভোটার তালিকায় কারসাজি করা হয়েছে। জুমারবাড়ী ইউনিয়নের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলকে প্রশ্নবিদ্ধ করবে।”

বিষয়টি যাচাই করতে জেলা বিএনপির তদারকি কমিটির প্রধান সহ-সভাপতি আলমগীর মোন্নাফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং তারা এসব অভিযোগের সত্যতা পেয়েছেন। অনিয়ম চিহ্নিত হওয়ায় বিএনপি ইউনিয়ন কাউন্সিল আপাতত ২৮ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

তৃণমূল নেতাকর্মীরা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বহিষ্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দলীয় নেতৃত্বের প্রতি তাদের আস্থা পুনরুদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

an adbox will go here