সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ
দিগন্ত জার্নাল ডেস্ক:
ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ-সিলেট সীমান্ত রুটে চোরাচালানের মাধ্যমে আনা শাড়ি, ফেনসিডিলসহ ৬১ লাখ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুরে বিজিবি সিলেট সেক্টরের ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে ভোররাতে সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট, সিলেটের পান্তুমাই, প্রতাবপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, বিছনাকান্দি, সংগ্রাম, কালাইরাগসহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এসব পণ্য আনা হয়। বিজিবির পৃথক টহল দল অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করে।
জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, শীতের কম্বল, চিনি, কমলা, কিসমিস, জিরা, হোয়াইট টোন ক্রিম, মেহেদী, কার্টুন ভর্তি ফেনসিডিল, মদ এবং অবৈধভাবে সীমান্ত নদীতে উত্তোলন করা পাথর বোঝাই একাধিক নৌকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ ৯৩ হাজার ৮০০ টাকা। আটককৃত চোরাচালানের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।