শাহ কিবরিয়া হত্যা: আওয়ামী লীগের দিকে অভিযোগ রেজা কিবরিয়ার - দিগন্ত জার্নাল

শাহ কিবরিয়া হত্যা: আওয়ামী লীগের দিকে অভিযোগ রেজা কিবরিয়ার

দিগন্ত জার্নাল ডেস্ক:
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে দলীয় জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। দীর্ঘ দুই দশক ধরে তার ছেলে রেজা কিবরিয়া অভিযোগ করে আসছেন যে, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

বুধবার (২৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক স্ট্যাটাসে এ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “শাহ কিবরিয়া হত্যার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবিতে রেজা কিবরিয়ার মা ও তার পরিবার একাধিকবার বিক্ষোভ করেছেন। এমনকি রেজা ও তার প্রয়াত মা আসমা কিবরিয়ার আপত্তির কারণেই শেখ হাসিনা তিনবার চার্জশিট পরিবর্তন করেছিলেন।”

তিনি আরও বলেন, “শাহ কিবরিয়া হত্যা মামলা ছিল হাসিনার স্বৈরশাসনের জন্য একটি পরীক্ষা। কেউ আশা করেনি যে হাসিনা বিরোধী দলের কর্মীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবেন। খালেদা জিয়া, তারেক রহমানসহ লাখ লাখ বিরোধী নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু হাসিনার ঘনিষ্ঠ মহলের কেউ কখনো বিচারের মুখোমুখি হয়নি।”

শফিকুল আলমের পোস্টে আরও বলা হয়, “শাহ কিবরিয়া ১৯৯৬-২০০১ সালে হাসিনার অর্থমন্ত্রী এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ছিলেন। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যা মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অথচ আওয়ামী লীগ তার পরিবারের প্রতি সুবিচার করেনি।”

তিনি শেখ হাসিনার ব্যক্তিত্ব নিয়ে মন্তব্য করে বলেন, “শেখ হাসিনা প্রতিদিন তার পরিবারের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন। নিঃসন্দেহে ১৯৭৫ সালের হত্যাকাণ্ড ছিল ভয়াবহ। কিন্তু প্রতিদিন সেই প্রসঙ্গ টেনে আনা কি স্বাভাবিক? পৃথিবীর আর কোনো নেতা কি এমনটা করেন? আপনি কি কখনো সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীকে ইন্দিরা-রাজীব গান্ধীর হত্যাকাণ্ড নিয়ে প্রতিদিন কথা বলতে শুনেছেন?”

শফিকুল আলম আরও বলেন, “২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে মনে হয়, আমরা এমন একজনের হাতে ক্ষমতা দিয়েছিলাম, যিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। এক শীর্ষ কূটনীতিক আমাকে বলেছেন, হাসিনা ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে’ (পিটিএসডি) ভুগছিলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে রাজনৈতিক নেতাদের মানসিক পরীক্ষার প্রয়োজন।”

রেজা কিবরিয়া ও তার পরিবারের পক্ষ থেকে এখনো দাবি করা হচ্ছে, শাহ কিবরিয়া হত্যার পেছনের প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি। আওয়ামী লীগের ভেতরেই এই হত্যাকাণ্ডের নীলনকশা তৈরি হয়েছিল বলে তাদের সন্দেহ। তবে আওয়ামী লীগ এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

an adbox will go here