পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন - দিগন্ত জার্নাল

পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন

দিগন্ত জার্নাল ডেস্ক:
প্রধান বিচারপতির চায়ের আমন্ত্রণ পাওয়া এবং বিচারকাজ থেকে বিরত রাখা ১১ বিচারপতির মধ্যে বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। তিনি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিচারিক আদালতের রায় ঘোষণা করেছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে, তার আমলে নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের ৩০ বিচারপতিকে “দুর্নীতিবাজ ও দলকানা” আখ্যা দিয়ে অপসারণের দাবি তোলে সুপ্রিম কোর্টের একদল আইনজীবী। এরপর ৭ অক্টোবর আইনজীবীদের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়, যাতে ১৮ অক্টোবরের মধ্যে দলীয় বিচারপতিদের পদত্যাগ বা অপসারণের দাবি তোলা হয়।

এ পরিস্থিতিতে ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রশাসন ঘোষণা দেয়, ১২ জন বিচারপতিকে আপাতত বেঞ্চ না দিয়ে বিচারকাজ থেকে বিরত রাখা হবে। ১৭ অক্টোবর নতুন বেঞ্চ গঠনের সময় যাদের বিচারকাজ থেকে বিরত রাখা হয়, তাদের মধ্যে রয়েছেন বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলন, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি খিজির হায়াত।

বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগের পর সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এখন প্রশ্ন উঠেছে, এই ধারা অব্যাহত থাকবে কি না এবং অন্য বিচারপতিরাও পদত্যাগ করবেন কি না।

an adbox will go here