এস আলম গ্রুপের সাইফুল আলমের ৩৬৮ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ - দিগন্ত জার্নাল

এস আলম গ্রুপের সাইফুল আলমের ৩৬৮ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ

দিগন্ত জার্নাল ডেস্ক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক আবু সাইদ সম্পদ জব্দের আবেদন করেন।

জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ঢাকায় অবস্থিত বিভিন্ন জমি, বাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকানা। চট্টগ্রামের ১৮ নম্বর ওয়ার্ড, পাথরঘাটা ইউনিয়ন, পটিয়া উপজেলা ও কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় বেশ কিছু জমি জব্দ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় সম্পদ ৯.৪৩ একর জমি, যার মূল্য ১৫৩.৬৮ কোটি টাকা। এছাড়া শিকলবাহা ও পটিয়ায় আরও কিছু জমি রয়েছে, যার মূল্য কয়েক কোটি টাকা।

নারায়ণগঞ্জে স্যাভোলা অয়েল লিমিটেডের নামে ১.৩৮৫০ একর জমি ও ২০০০ বর্গফুটের সেমি পাকা গৃহ (মূল্য ১২.১৭ কোটি টাকা) এবং আরও কয়েকটি জমি জব্দ করা হয়েছে। ঢাকার তেজতুরি বাজারে ৯০.৮৮ শতাংশ জমি ও ৩ হাজার বর্গফুটের ১ তলা দালান (মূল্য ৫৬.৯৬ কোটি টাকা) এবং ধানমন্ডি আবাসিক এলাকায় ১ বিঘা জমি জব্দের তালিকায় রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। এই তদন্ত চলাকালীন তাদের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। দুদক আশঙ্কা করছে, সম্পদ জব্দের নির্দেশ না দিলে তা অন্যত্র স্থানান্তর হতে পারে, তাই আদালতে সম্পদ ক্রোকের আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করেছেন।

an adbox will go here