চার মাসে ৯ বার বিদেশ সফর! বিসিবিতে জবাবদিহির প্রশ্ন - দিগন্ত জার্নাল

চার মাসে ৯ বার বিদেশ সফর! বিসিবিতে জবাবদিহির প্রশ্ন

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক সাজ্জাদুল আলম ববি বিসিবির বর্তমান অবস্থা, সরকারের হস্তক্ষেপ, বোর্ডের কার্যক্রম ও বিদেশ সফরের সংখ্যা নিয়ে মুখ খুলেছেন।

তিনি জানান, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব তাকে ফোন করে বলেন, “সরকার চায় আপনি পদত্যাগ করুন।” তবে তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং বলেন, “আমি ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত নির্বাচিত। আমাকে ক্রিকেটের কাজের জন্য নির্বাচিত করা হয়েছে, তাই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত থাকব।” পরে প্রশাসনিকভাবে পদত্যাগ করানোর ব্যবস্থা করা হয়, যা তিনি “অবৈধ” বলে উল্লেখ করেন।

এ বিষয়ে কোর্টে যাওয়ার পরিকল্পনা থাকলেও সহকর্মীদের অনুরোধে তিনি তা থেকে সরে আসেন। এর আগেও ২০০০-২০০১ সালে নিউজিল্যান্ড সফরের টিম ম্যানেজার হিসেবে মনোনীত হলেও শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপে তাকে সরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, “ঘুরেফিরে একই প্রক্রিয়া চলছে। এটা বন্ধ হওয়া দরকার।”

বিসিবির পরিচালকদের বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “চার মাসে ৯ বার বিদেশ সফর করেছেন কেউ কেউ! এটা লক্ষণীয়, এসবেরও জবাবদিহি হওয়া দরকার।”

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর তদন্ত কমিটি গঠন হলেও এর প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তিনি বলেন, “তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়া উচিত ছিল। বর্তমান বোর্ড চাইলে প্রকাশ করতে পারে, কিন্তু তারাও করেনি। স্বচ্ছতা থাকাটা জরুরি।”

বোর্ডের মেয়াদ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত থাকলেও আগেই এটি ভেঙে দেওয়া হয়। ববি বলেন, “এভাবে চলতে থাকলে ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে? ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম অনুযায়ী ২০২৫ সালের অক্টোবরে নির্বাচন হলে ভালো উদাহরণ হতো। কিন্তু জোর করে পদ শূন্য ঘোষণা করা হলো। এটা অগ্রহণযোগ্য।”

বিসিবির অনেকের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এসেছে। তবে ববি মনে করেন, “যদি সত্যিই দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে তদন্ত হোক, বিচার হোক। কিন্তু প্রমাণ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া ঠিক না।”

তিনি মনে করেন, ক্রিকেটের সুষ্ঠু উন্নতির জন্য প্রশাসনিক সিদ্ধান্তগুলো সঠিক ও ন্যায়সঙ্গত হওয়া জরুরি।

an adbox will go here