অধিনায়কের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, যা বলছেন কোচ - দিগন্ত জার্নাল

অধিনায়কের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, যা বলছেন কোচ

দিগন্ত জার্নাল ডেস্ক:

দুঃস্বপ্নের মতো এক বিপিএল কাটিয়েছে সিলেট স্ট্রাইকার্স। লিগ পর্বের ১২ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় এসেছে, আর শেষ সাত ম্যাচে টানা হারের বৃত্তেই আটকে ছিল দলটি। তবে মাঠের পারফরম্যান্সের ব্যর্থতার পাশাপাশি নতুন বিতর্ক হিসেবে সামনে এসেছে অধিনায়ক আরিফুল হকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চিটাগং কিংসের বিপক্ষে ৯৬ রানের বিশাল ব্যবধানে হার সিলেটের জন্য হতাশাজনক পরিণতি নিয়ে আসে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন ফিক্সিং বিতর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। আরিফুলের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “তথ্য প্রমাণের ভিত্তিতে ওরাই ব্যবস্থা নিবে। আলাদা ডিপার্টমেন্ট আছে, ওরাই কাজ করবে।”

সিলেট স্ট্রাইকার্সের বিপর্যস্ত পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়নে ইমন জানান, “আমাদের শুরুটা প্রত্যাশার মধ্যে ছিল। শুরুটা আমি খারাপ বলব না। দল গঠন থেকে শুরু করে সবকিছু পরিকল্পনামাফিকই হয়েছে।” তবে, নাম উল্লেখ না করেই দলের ব্যর্থতার দায় কিছুটা খেলোয়াড়দের পারফরম্যান্সের ঘাটতির ওপর চাপিয়ে দেন তিনি। “যাদের ওপর প্রত্যাশা বেশি ছিল, তাদের পারফরম্যান্স ওঠানামার মধ্যে ছিল। যদি তারা ভালো খেলত, তাহলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত।”

তবে সিলেট ফ্র্যাঞ্চাইজির প্রতি কোনো অভিযোগ না রেখে বরং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইমন। তিনি বলেন, “প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি চায় দলের অবস্থান ভালো হোক। তবে আমি তাদের ধন্যবাদ জানাই, তারা শেষ পর্যন্ত সব প্লেয়ারের পাশে ছিল, সবাইকে বুস্ট আপ করার চেষ্টা করেছে। আমরা সেভাবে ফল আনতে পারিনি।”

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের দুইবারের সাবেক সংসদ সদস্য মাশরাফি বেকায়দায় পড়ে যান। এর সঙ্গে যোগ হয় তার ফিটনেসজনিত সমস্যা, যার কারণে এবারের বিপিএলে আর মাঠে নামা হয়নি তার।

মাশরাফির অনুপস্থিতি সিলেটের পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে এসেছে বলে আভাস দিয়েছেন কোচ ইমন। তিনি বলেন, “আমাদের প্রথম টার্গেট ছিল মাশরাফি। কিন্তু সে প্রস্তুত ছিল না। পরে আমরা জাকির হাসানকে চেষ্টা করেছি, কিন্তু সে নেতৃত্ব নিতে চায়নি। কাউকে তো জোর করে অধিনায়ক বানানো যায় না। তখন আরিফুলকে সবচেয়ে অভিজ্ঞ মনে হয়েছে, কারণ সে সব বিপিএলেই খেলেছে। স্কোয়াডের মধ্যে তাকেই সেরা মনে হয়েছে, তাই তাকে অধিনায়কত্ব দেওয়া হয়।”

সিলেট স্ট্রাইকার্সের হতশ্রী পারফরম্যান্স এবং অধিনায়কের বিরুদ্ধে ওঠা ফিক্সিং বিতর্ক এবারের বিপিএলে দলটির ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে দলটি ঘুরে দাঁড়াতে পারে কিনা।

an adbox will go here