জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, সুচিকিৎসা ও স্বীকৃতির দাবি
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ২ ফেব্রুয়ারি: সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রোববার সকালে রাজধানীর আগারগাঁও ও দুপুরে মিরপুর সড়ক অবরোধ করেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত বেশ কয়েকজন। এতে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও আগারগাঁও সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা বিকাল ৪টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে জানান, এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সচিবালয়ের সামনে অবস্থান নেবেন। তবে পরবর্তীতে তারা সচিবালয় অভিমুখে যাত্রা স্থগিত করেন এবং শিশুমেলার মোড়ে অবস্থান নেন।
আহতদের মধ্যে কোরবান শেখ, যিনি কুষ্টিয়ায় ৫ আগস্ট এক চোখে গুলিবিদ্ধ হয়েছিলেন, বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শিশুমেলার এ সড়কেই অবস্থান করব।” তিনি বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
আরেকজন আন্দোলনকারী কবির হোসেন, যিনি মিরপুর-১১-এর বাসিন্দা, জানান, আন্দোলনের সময় তার চোখে গুলি লেগেছিল এবং এখনও চোখে গুরুতর সমস্যা রয়েছে। হাসপাতালে চিকিৎসার নামে তাকে শুধুমাত্র ড্রপ ও ব্যথার ওষুধ দেওয়া হয়, যা যথেষ্ট নয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে তাদের আর খোঁজ নেওয়া হয় না। তারা বলেন, “আন্দোলনে আমাদের অবদান রয়েছে, অথচ আমাদের কষ্ট কেউ বোঝে না। আমরা শুধু যথাযথ চিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।”
আন্দোলনকারীদের দাবির বিষয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।