বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের সমাপ্তি আজ - দিগন্ত জার্নাল

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের সমাপ্তি আজ

দিগন্ত জার্নাল ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ আজ শেষ হচ্ছে। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এ তথ্য নিশ্চিত করেছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

ইজতেমার দ্বিতীয় ধাপে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর, ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এসব বিয়ে সম্পন্ন হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক বয়ান করেন। সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়েতি বয়ান করেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। এরপর গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপ আজ শেষ হচ্ছে।

৮ দিনের বিরতি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে, যা পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

an adbox will go here