৩২ নম্বর বাড়ির গেটে বিক্ষুব্ধ ছাত্র জনতার প্রবেশ, পরিস্থিতি উত্তপ্ত - দিগন্ত জার্নাল

৩২ নম্বর বাড়ির গেটে বিক্ষুব্ধ ছাত্র জনতার প্রবেশ, পরিস্থিতি উত্তপ্ত

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির গেটে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রবেশ করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিক্ষোভকারীরা বাড়ির ভেতরে অবস্থান করছে এবং কিছু স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মূল গেটের বাইরে অবস্থান নিতে দেখা গেছে, কিন্তু তারা নাএখনো কোনো বড় পদক্ষেপ নেয়নি।

ঘটনার পেছনের প্রেক্ষাপট

এর আগে, মঙ্গলবার রাতে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন। এরপর বুধবার রাতে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ করার ঘোষণা আসে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

অন্যদিকে, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়— “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

আওয়ামী লীগ সরকারের পতন ও পূর্ববর্তী হামলা

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। সেদিনও ৩২ নম্বর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য দিগন্ত জার্নাল পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।


an adbox will go here