শেখ পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তনের দাবি, সুধা সদনে আগুন - দিগন্ত জার্নাল

শেখ পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তনের দাবি, সুধা সদনে আগুন

নিজস্ব প্রতিবেদক। দিগন্ত জার্নাল
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বুধবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নিয়ে শেখ হাসিনার ঘৃণাসূচক প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শিক্ষার্থীরা শেখ পরিবারের নামে বিশ্ববিদ্যালয়ের সকল স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান।

শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের অধীনে দেশে গণহত্যা, নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস হয়েছে।’ তাঁরা আরও বলেন, ‘দেশ এখন ফ্যাসিবাদমুক্ত হলেও ফ্যাসিবাদী শক্তি ফের ফিরে আসার চেষ্টা করছে, তাই আমরা হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে, রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে অবস্থিত শেখ হাসিনার বাসভবন সুধা সদনে বুধবার রাতে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে ছাত্র-জনতা সুধা সদনে আগুন দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শেখ হাসিনার সরকারের পতনের পর সুধা সদন খালি থাকার পর এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, ‘যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের কোনো চিহ্ন দেশে থাকতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।’

এছাড়া, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগ দেওয়ার প্রতিবাদে, ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচি ঘোষণা করা হয়। ফেসবুক পেজগুলোতেও ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে পোস্টের মাধ্যমে কর্মসূচি ঘোষণার খবর পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে, ছাত্র-জনতা আন্দোলনের সদস্যরা দাবি করেছেন, শেখ হাসিনার জুলাই বিপ্লবে গণহত্যার বিচার কার্যকর অতি দ্রুত সম্পাদন করার মাধ্যমে ছাত্রজনতার অন্তর ঠান্ডা করা হোক ।

an adbox will go here