ফেব্রুয়ারি-মার্চে ছাত্র-জনতার দখলে থাকবে রাজপথ: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক। দিগন্ত জার্নাল
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ফেব্রুয়ারি ও মার্চ মাসজুড়ে ছাত্র-জনতা রাজপথ দখলে রাখবে। তিনি দাবি করেছেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে, কিন্তু ছাত্র-জনতা মাঠে আছে এবং থাকবে। তারা রাজপথ দখলে রাখবে।’
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, আমরা তাদের কাছে কূটনৈতিকভাবে বলেছি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা উচিত।’
এছাড়া, উপদেষ্টা জানান, ‘শেখ হাসিনা যদি ভারতে রাজনীতি করার চেষ্টা করেন, ভারত সরকার তার জন্য দায়ী থাকবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর সঠিক ইতিহাস তুলে ধরার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।’
নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। সংবাদপত্রের ভূমিকা এই অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তবে কিছু পত্রিকা এই ঘটনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, যা দুঃখজনক।
অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বইটির লেখক আহমেদ ফয়েজ, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং বাসস প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।