গাজীপুরের হামলা পরিকল্পিত, অভিযুক্ত সাবেক মেয়র জাহাঙ্গীর - দিগন্ত জার্নাল

গাজীপুরের হামলা পরিকল্পিত, অভিযুক্ত সাবেক মেয়র জাহাঙ্গীর

দিগন্ত জার্নাল ডেস্ক:

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল। তিনি বলেছেন, হামলাটি পরিকল্পিত ছিল এবং এর পেছনে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের লোকজন জড়িত।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে সর্বদলীয় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসররা ছাত্রদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আলী নাসের খান বলেন, “রক্তের বদলা রক্ত নয়, ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমেই বিচার করতে হবে।”

বক্তারা আরও অভিযোগ করেন, প্রশাসন হামলার সময় কোনো সহযোগিতা করেনি। বারবার ফোন করার পরও উদ্ধার করতে এগিয়ে আসেনি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও জানানো হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের সভাপতি অ্যাড. নজরুল ইসলাম খান, ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক হায়দার আলী, সদর থানা শিবির সভাপতি সোলায়মান কবির, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য আরাফাত হোসেন অনিক ও বৈষম্যবিরোধী নেতা আব্দুল আল মাহিম প্রমুখ।

an adbox will go here