গাজীপুরে সহিংসতার ঘটনায় ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল
গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, শনিবার থেকেই গাজীপুরসহ সারাদেশে এই বিশেষ অভিযান শুরু হবে। আগামীকাল (রোববার) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত তুলে ধরা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে সহিংস হামলায় কয়েকজন গুরুতর আহত হন। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে প্রশাসন।