দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’, গাজীপুরে উত্তাল পরিস্থিতি
দিগন্ত জার্নাল ডেস্ক:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও স’ন্ত্রা’সীদের আইনের আওতায় আনতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথবাহিনী। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক জরুরি সভায় দেশব্যাপী এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে।
এরই মধ্যে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে ছাত্র-জনতার বিক্ষোভের সময় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা মসজিদের মাইকে ডাকাত প্রবেশের ঘোষণা দিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। এতে ১৫ জন গুরুতর আহত হন।
এই ঘটনার পর শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতা অবস্থান নেয়। সেখানে উপস্থিত হয়ে সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আল্টিমেটাম দেন। এই আল্টিমেটামের পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাতেই যৌথবাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক।
এদিকে, ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পরপরই গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোবাশ্বের হোসেনকে গুলি করে আহত করে। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান জানান, আহত মোবাশ্বেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
অভিযানের নেতৃত্বে রয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, এনএসআই ও ডিজিএফআই। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন বলেছেন, অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় নির্দেশনার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর পদক্ষেপ নেবে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, অঞ্চলভিত্তিক পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং স’ন্ত্রা’সীদের দমনে এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে সরকার।
(দিগন্ত জার্নাল – সাম্যের আহ্বানে)