চাকরিতে ফিরছেন আ.লীগ আমলে চাকরিচ্যুত দেড় হাজার পুলিশ সদস্য
দিগন্ত জার্নাল ডেস্ক:
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল করা হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সরকারের আমলে চাকরিচ্যুত এক হাজার ৫২২ জন পুলিশ সদস্য পুনর্বহালের আবেদন করেছেন। এর মধ্যে কনস্টেবল ১,০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।
২০২৪ সালের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদের পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে যারা বরখাস্তের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের আইনি জটিলতার কারণে পুনর্বহাল সম্ভব হয়নি। যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি বা ফৌজদারি মামলা রয়েছে, তাদের পুনর্বহাল করা হচ্ছে না।
এছাড়া, পুনর্বহাল হওয়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা পরিপন্থি আচরণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
(দিগন্ত জার্নাল – সাম্যের আহ্বানে)