মহার্ঘ ভাতা বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত সবসময় মানা হয় না, যার কারণে কখনও কখনও বলা হয় বাংলাদেশ আইএমএফের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। সরকারের আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে এসব বিষয় মেনে চলতে হয়।
শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়েও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, আগামী বাজেটে শিক্ষকদের জন্য কিছু পদক্ষেপ নেওয়ার জন্য সরকার কাজ করছে।
এছাড়া, প্রবাসী কর্মীদের বিষয়েও আলোচনা করেন তিনি। তিনি বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবৈধ কর্মীদের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। তিনি আরও বলেন, হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানো সরকারী রিজার্ভে যুক্ত না হওয়ায় এটি দেশের জন্য নেতিবাচক। তবে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের অধিকাংশ প্রবাসী কর্মী অদক্ষ, যা ভারতের মতো উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ।
অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে সরকারের ভুলত্রুটির কথা স্বীকার করে বলেন, বড় বড় সংস্কারে হয়ত ব্যর্থতা থাকতে পারে, তবে ভবিষ্যতের রাজনৈতিক সরকারকে এই বিষয়ে আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে হবে, যা রাজনৈতিক সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।