"আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই" — মির্জা ফখরুল - দিগন্ত জার্নাল

“আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই” — মির্জা ফখরুল

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই।”

রোববার বিকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র সফর ও বিএনপির কৌশল

মির্জা ফখরুল বলেন, “আমাদের যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত সফল হয়েছে। যে উদ্দেশ্যে গিয়েছিলাম, তা আমরা অর্জন করতে পেরেছি।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টা ৫৮ মিনিটে মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরেন।

এর আগে, ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট” অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অংশ নেন বিএনপি নেতারা। এ সফরে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও যুক্তরাষ্ট্রে যান এবং সেখান থেকে লন্ডনে ফিরে যান।

খালেদা জিয়ার অবস্থা ও চিকিৎসা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “ম্যাডাম ভালো আছেন। তার চিকিৎসা চলছে।”

“অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না”

তিনি আরও বলেন, “একটা অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি জনগণকে “ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার” আহ্বান জানান।

“ডেভিল হান্ট” প্রসঙ্গে প্রতিক্রিয়া

সাম্প্রতিক “অপারেশন ডেভিল হান্ট” বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা বাইরে ছিলাম, ‘ডেভিল হান্ট’ কী জানি না। তবে ফ্যাসিস্ট কাকে বলে, তা জানি। এতদিন পর কারও বোধোদয় হলে তাকে ধন্যবাদ জানাই।”

an adbox will go here