সংস্কার সুপারিশ নিয়ে আলোচনার টেবিলে রাজনৈতিক দলগুলো - দিগন্ত জার্নাল

সংস্কার সুপারিশ নিয়ে আলোচনার টেবিলে রাজনৈতিক দলগুলো

দিগন্ত জার্নাল ডেস্ক:

সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো দলীয় ফোরামে আলোচনা শেষে সংলাপে বসবে। কোন সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, আর কোনটি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে—তা স্পষ্ট করবে দলগুলো। বিশেষ করে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আরও চিন্তাভাবনার প্রয়োজন বলে মনে করছেন নেতারা।

শনিবার প্রকাশিত ছয় সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, এগুলো চূড়ান্ত নয়। সরকার কোন প্রস্তাব বাস্তবায়ন করবে, তা রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর নির্ধারিত হবে। চলতি মাসের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে।

সংবিধান সংস্কার কমিশন ‘প্রজাতন্ত্র’ ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ শব্দের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ ও ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ প্রতিস্থাপনের প্রস্তাব দিয়েছে। এছাড়া সংসদের মেয়াদ ৪ বছর, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার সুপারিশও করেছে।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস, ‘না’ ভোটের প্রচলন, ব্যালটের পাশাপাশি অনলাইন ভোটিং চালুর প্রস্তাব দিয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয় কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করে সংস্কার কার্যক্রম সম্পর্কে ধারণা নিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো আলাদা করে আগে বাস্তবায়ন করা হবে। অন্যদিকে, কাঠামোগত সংস্কারের জন্য রাজনৈতিক দল ও অংশীদারদের সঙ্গে আলোচনা চলবে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে, যা আগামী নির্বাচনের পথে আনুষ্ঠানিক যাত্রা হিসেবে দেখা হচ্ছে।

an adbox will go here