মেক্সিকোতে শ্রমবাজার সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধি লক্ষ্য বাংলাদেশের
দিগন্ত জার্নাল ডেস্ক:
মেক্সিকোর শ্রমবাজারে দক্ষ জনশক্তি প্রবাহ বাড়ানো ও রপ্তানি ১ বি’লিয়’ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ দূতাবাস।
রোববার (৯ ফেব্রুয়ারি) মেক্সিকো সিটিতে দূতাবাসের উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য এম্বাসেডর’ অনুষ্ঠানে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এ লক্ষ্যের কথা জানান। দূতাবাসের হেড অফ চ্যান্সারি আব্দুল্লাহ আল ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের লক্ষ্য মানবপাচার রোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও শ্রমবাজার সম্প্রসারণ। বিশেষ করে আইটি, কৃষি, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ সৃষ্টি করতে দূতাবাস কাজ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানি ১ বি’লিয়’ন ডলারে উন্নীত করতে পোশাক ও ওষুধের পাশাপাশি চামড়াজাত পণ্য, আইটি সেবা এবং কৃষিপণ্যের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা গর্বিত যে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন। তিনি জনআকাঙ্ক্ষা অনুযায়ী একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের মালিকানা প্রতিষ্ঠায় সচেষ্ট হবেন।’
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারে আপ্যায়ন করা হয়।