অবিচার হলে আমাদের আর তাদের মধ্যে তফাত কোথায়?’: জুলাই বিপ্লবের শহিদ ও আহত পরিবার
দিগন্ত জার্নাল ডেস্ক:
গত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শহিদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় প্রধান উপদেষ্টা শহিদ পরিবারের সদস্য ও আহতদের উদ্দেশ্যে বলেন,
“দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।” তিনি আরও যোগ করেন, “যাদের কারণে আজ আমরা নতুন বাংলাদেশ বলতে পারি, তাদের ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যাবে না। আপনারা জীবন্ত ইতিহাস, জাতি হিসেবে গড়ে ওঠার জন্য ইতিহাসকে স্মরণ করা অপরিহার্য।”
প্রধান উপদেষ্টা বলেন, সব হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হবে, তবে বিচার হবে সুবিচারের ভিত্তিতে, অবিচারে নয়। তিনি আরও বলেন, “আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাত থাকবে কোথায়?”
এছাড়া, সরকার জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা হিসেবে শহিদদের পরিবার ও আহতদের জন্য নানা সুবিধা ঘোষণা করেছে। শহিদ পরিবারের সদস্যদের এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে, পাশাপাশি মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। গুরুতর আহত জুলাই যোদ্ধাদের এককালীন ৫ লাখ টাকা এবং গুরুতর নয় এমন যোদ্ধাদের জন্য ৩ লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।
এদিন, শহিদ ও আহতদের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “আমরা জানি, আপনাদের আকাঙ্ক্ষা ছিল আরও আগেই এসব কার্যক্রম শুরু করতে, তবে সংকটকালীন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে, সে জন্য দুঃখপ্রকাশ করছি।”
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে শহিদের সংখ্যা এখন পর্যন্ত ৮৩৪ জন এবং আহতদের তালিকা খুব শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।