রেলে লুটপাটের অভিযোগ: মুজিব বন্দনায় ২০০ কোটি টাকার প্রকল্প
দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশ রেলওয়েতে ‘শেখ মুজিব’ বন্দনার নামে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ উঠেছে। করোনা মহামারির সময় (২০২০-২১) যখন ট্রেন চলাচল প্রায় বন্ধ ছিল, তখনও শতাধিক রেলস্টেশনে ‘মুজিব ম্যুরাল-ভাস্কর্য’ নির্মাণে ২০০ কোটি টাকা ব্যয় করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রাপ্ত তথ্যমতে, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, সচিব মো. সেলিম রেজা ও ড. হুমায়ুন কবিরের পরিকল্পনায় দেশের বিভিন্ন রেলস্টেশনে শেখ মুজিবের ম্যুরাল-ভাস্কর্য স্থাপন করা হয়। পাশাপাশি ২ কোটি টাকা ব্যয়ে দুটি বিশেষ রেলকোচে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ জাদুঘর’ তৈরি করা হয়, যা পরে ভেঙে ফেলা হয়।
রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “রেলে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে, দোষীদের শাস্তি পেতে হবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ম্যুরাল ও ভাস্কর্য স্থাপনের বিষয়ে রেলের মূল বিভাগগুলোকে সম্পৃক্ত করা হয়নি। এসব সিদ্ধান্ত সরাসরি মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি থেকে এসেছে।
এদিকে, অনিয়ম-দুর্নীতির দায়ে সাবেক রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ইতোমধ্যে জেলে রয়েছেন। এছাড়া পলাতক রয়েছেন সাবেক মন্ত্রী মুজিবুল হক, জিল্লুল হাকিম ও ওবায়দুল কাদের, যাদের বিরুদ্ধেও দুর্নীতির মামলা রয়েছে।
রেলের মাঠপর্যায়ের কর্মকর্তারা আশা করছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ অনিয়মের সুষ্ঠু তদন্ত করবে এবং দায়ীদের আইনের আওতায় আনবে।