আ’লীগের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি: হাসনাত আবদুল্লাহ
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে আমরা আজকে প্রস্তাব দিয়েছি নিবন্ধন বাতিল করার। এর মাধ্যমে দলটিকে রাজনৈতিকভাবে অকার্যকর করা হবে। ৫ আগস্ট ছাত্র-নাগরিকদের দেওয়া জনরায়কে আমরা এখন ইনস্টিটিউশনাল রূপ দিতে চাই।”
শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “নৌকা ডুবে গেছে, এটি আর বাংলাদেশে ফিরে আসবে না। ৫ আগস্ট ছাত্র-নাগরিকরা সিদ্ধান্ত দিয়েছে যে, পরিবর্তিত বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। আজকের বৈঠকে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল একমত হয়েছে যে, আওয়ামী লীগ এখন অতীতের বিষয়।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আজকে সরকারকে অনুরোধ জানিয়েছি, আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। ভবিষ্যতে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় যেন দলটি আর কার্যকর না হতে পারে, সেই প্রস্তাব আমরা দিয়েছি।”