তিন দিনব্যাপী ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া জনসেবা, রাস্তাঘাট নির্মাণ, আইনকানুন ও বিধিমালা সংশোধনসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সারা দেশ থেকে ৩৫৩টি প্রস্তাব উঠছে, যা অংশগ্রহণকারী ডিসি ও বিভাগীয় কমিশনাররা উপস্থাপন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যানুযায়ী, এবারের ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। ওসমানী স্মৃতি মিলনায়তনে অধিকাংশ অধিবেশন হলেও মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কার্য-অধিবেশন ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে সচিবালয়ের নবনির্মিত ভবনে।
এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেবেন। সম্মেলনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।