রমজানে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা - দিগন্ত জার্নাল

রমজানে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

আসন্ন রমজান সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মার্চ ও এপ্রিল মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে। এছাড়া টিসিবির মাধ্যমে আরও এক লাখ টন এবং ওএমএসের মাধ্যমে আরও এক লাখ টন চাল বাজারে সরবরাহ করা হবে। ঈদের সময় এক কোটি পরিবার বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবে।

খাদ্য উপদেষ্টা জানান, এসব খাদ্যশস্য বাজারমূল্য নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে। এ কার্যক্রমের তদারকি মূলত ডিসিরা করবেন। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটনের ১২২টি বিক্রয় কেন্দ্র ও ৭০টি ট্রাকসেল কঠোর তদারকির আওতায় আনা হবে। প্রয়োজনে ম্যাজিস্ট্রেটদের দিয়ে মনিটরিং করা হবে।

এসময় খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে

an adbox will go here