স্ত্রী-ছেলেসহ নাফিজ সারাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ - দিগন্ত জার্নাল

স্ত্রী-ছেলেসহ নাফিজ সারাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

দিগন্ত জার্নাল ডেস্ক

পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফতের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার (ফ্রিজ) নির্দেশ দিয়েছেন আদালত।

এ আদেশ সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জৈষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) প্রদান করেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সারাফত ও তার পরিবারের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, গ্রাহকের সঙ্গে প্রতারণা, এবং প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধানকালে তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে অসংগতিপূর্ণ বিপুল অঙ্কের টাকা জমা ও উত্তোলনের তথ্য পাওয়া যায়, যা তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সম্ভবত মানিলন্ডারিংয়ের উদ্দেশ্যে করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরুর পর থেকে অভিযোগ সংশ্লিষ্টরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে জানা গেছে। এই কারণে, বিএফআইইউ এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহকে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, গত ৭ জানুয়ারি আদালত নাফিজ সারাফত, আঞ্জুমান আরা শহিদ ও রাহিব সাফওয়ান সারাফতের রাজধানীজুড়ে থাকা ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। এর পাশাপাশি তাদের নামে থাকা জমি, বাড়ি ও প্লটও ক্রোক করার আদেশ দেওয়া হয়েছে। ২২ জানুয়ারি নাফিজ সারাফতের দুবাইয়ে থাকা ফ্ল্যাট ও ভিলা জব্দের আদেশও দেওয়া হয়।

an adbox will go here