পাসপোর্ট সেবা সহজ করতে পুলিশ ভেরিফিকেশন শিথিলের উদ্যোগ - দিগন্ত জার্নাল

পাসপোর্ট সেবা সহজ করতে পুলিশ ভেরিফিকেশন শিথিলের উদ্যোগ

দিগন্ত জার্নাল ডেস্ক

জনভোগান্তি কমিয়ে পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করতে যাচ্ছে সরকার। এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ তৈরি করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুমোদনের জন্য পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয় বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

সারসংক্ষেপ অনুযায়ী, নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করা হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে প্রথাগত পুলিশ তদন্তের প্রয়োজনীয়তা কমবে, যা বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ৫(২) ধারার উদ্দেশ্য পূরণে সহায়ক হবে।

বর্তমানে বিদ্যমান ই-পাসপোর্ট সিস্টেমে আবেদনকারীরা অনলাইনে আবেদন ও ফি জমা দিতে পারেন। এরপর নির্ধারিত দিনে তাদেরকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এবং পাসপোর্ট সংগ্রহের জন্য অফিসে যেতে হয়। বর্তমানে একটি সাধারণ পাসপোর্ট ১২ কর্মদিবসের মধ্যে এবং এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ৩ কর্মদিবসের মধ্যে প্রদান করা হয়। তবে কিছু ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন যথাসময়ে না আসা কিংবা অতিরিক্ত কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীদের ভোগান্তি হয়।

সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ থেকে প্রতিমাসে গড়ে ৩০ হাজার মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে যান এবং প্রতিদিন গড়ে ২৮-৩০ হাজার আবেদন জমা পড়ে। এসব আবেদনকারীদের দ্রুত সেবা দিতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি সহজ করা প্রয়োজন। প্রস্তাব অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে আবেদনকারীর তথ্য মিললে তা তদন্ত সম্পন্ন হয়েছে বলে ধরে নিয়ে পাসপোর্ট ইস্যু করা হবে। এতে পাসপোর্ট সেবার গতি বৃদ্ধি পাবে এবং নাগরিকদের ভোগান্তি কমবে।

an adbox will go here