কুয়েটে ছাত্রদল-শিক্ষার্থীদের সংঘর্ষের পর সারজিসের বার্তা
দিগন্ত জার্নাল ডেস্ক:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রদলের নেতাকর্মীরা পালটা পালটি ধাওয়া ও সংঘর্ষে জড়ান। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন, এবং পাঁচজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পেজে সংঘর্ষের কিছু ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “KUET এ আজকে যা হয়েছে তার ফল কখনোই ভালো নয়। ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।”
অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, “কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।”
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা নগর ও জেলা শাখা রাত ৮টায় প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে। একই সময়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে অংশ নেবে।
ছাত্রদের মতে, বেশ কিছুদিন ধরে কুয়েটে ছাত্রদল কমিটি করার চেষ্টা হচ্ছিল, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং স্লোগান দেন, “ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না”, “দাবি মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই”। এর পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং সংঘর্ষে রূপ নেয়, যা ক্যাম্পাসসহ কুয়েট সংলগ্ন রাস্তায় ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।