হাসনাতের হুঁশিয়ারি: যে ছাত্রলীগ হতে চাইবে, তার পরিণতি তাদের মতোই হবে
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কুয়েটে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের পর একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি ছাত্রদলকে উদ্দেশ্য করে লিখেছেন, “যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।”
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজনা সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কর্মীরা অভিযোগ করেছে, ছাত্রদল তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে, যার ফলে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়ে ধাওয়া-পালটা ধাওয়া চলতে থাকে, যা বিশ্ববিদ্যালয়ের বাইরেও ছড়িয়ে পড়ে।
সেখানে শিক্ষার্থীরা “এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা,” “ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না,” এবং “দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই” স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করে।