খালেদা জিয়াসহ নাইকো দুর্নীতি মামলায় সব আসামির খালাস
দিগন্ত জার্নাল ডেস্ক:
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এর আগে ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেছিলেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি, তবে তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন। দুদকের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ সাজা চাওয়া হলেও আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের রায় দেন।
২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে এবং ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। মামলার আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীসহ সরকারি কর্মকর্তারা ও ব্যবসায়ীরা ছিলেন। এর মধ্যে কয়েকজনের মৃত্যু হওয়ায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়েছিল, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে সরকারে থাকাকালে কানাডার কোম্পানি নাইকোকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা দিয়ে রাষ্ট্রকে প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে ফেলা হয়। তবে আদালতের রায়ে বলা হয়েছে, এসব অভিযোগ প্রমাণিত হয়নি, তাই খালাস দেওয়া হলো।